দুর্গাপুর ব্যারাজের উপরের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে খানা-খন্দে ভরা এই রাস্তা এখন চরম বিপজ্জনক। ব্যারাজের উপর দিয়ে ৯ নম্বর রাজ্য সড়কটি দুর্গাপুরের মুচিপাড়া থেকে শুরু হয়ে ওড়িশার নয়াগ্রাম পর্যন্ত বিস্তৃত। গুরুত্বপূর্ণ এই সড়ক দুর্গাপুরকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং বড়জোড়া শিল্পতালুকের সঙ্গে সংযুক্ত করে দুর্গাপুর শিল্পাঞ্চলের যোগাযোগ স্থাপন করে।
ব্যারাজ এলাকায় গিয়ে দেখা গেছে, কিছুদিন আগে খানা-খন্দে ইট পেতে ভরাটের কাজ করা হলেও, সেই ইটগুলো এখন ভেঙে বা উঠে গেছে। খানা-খন্দে জমা জল থেকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে নিয়মিত। স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থা চলছে। মাঝে মাঝে তাপ্পি দেওয়া হলেও, তা কয়েকদিনের মধ্যেই উঠে যায়।
এখন রাস্তার পূর্ণ সংস্কার একান্ত প্রয়োজন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেচ দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

