Saturday, 20 Jun 2026

পশ্চিম বর্ধমানে সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে লোক জনশক্তি পার্টির উদ্যোগ, একাধিক কর্মীর দলীয় যোগদান

IMG

Lok Janshakti Party Intensifies Organizational Expansion in Paschim Bardhaman, Welcomes Several New Members

অমৃতা দাশ, দুর্গাপুর- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক সাফল্য এবং কেন্দ্রে এনডিএ জোটের শরিক হিসেবে চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে পশ্চিম বর্ধমান জেলায় দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৭ জুন দুর্গাপুরের মঙ্গলিক ভবনে একটি সংবর্ধনা ও কর্মী-সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি মোহাম্মদ রফিক আলি, জেলা সভাপতি গৌরচন্দ্র পাল, রাজ্য সাধারণ সম্পাদক ড. অনুপম নায়েক, সুরেন্দ্র চৌধুরী, সঞ্জয় মাহালি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু ব্যক্তি লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এ যোগদান করেন। নবাগত সদস্যদের রাজ্য সভাপতি মোহাম্মদ রফিক আলি এবং জেলা সভাপতি গৌরচন্দ্র পালের নেতৃত্বে দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

পরবর্তী সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি ও জেলা সভাপতি দলের আদর্শ, ভবিষ্যৎ কর্মসূচি এবং সংগঠন সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা সভাপতি গৌরচন্দ্র পাল বলেন যে, আগামী তিন মাসের মধ্যে বিজেপির সহযোগিতায় এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলায় দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি মানুষের সেবায় নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দলের প্রতি মানুষের বিশ্বাসকে আরও সুদৃঢ় করার আশ্বাস দেন।

অনুষ্ঠানের সূচনায় ভারতরত্ন বাবাসাহেব ড. ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য সভাপতি মোহাম্মদ রফিক আলি, জেলা সভাপতি গৌরচন্দ্র পাল এবং উপস্থিত অন্যান্য পদাধিকারীরা।


Share: