Saturday, 20 Jun 2026

কুলটির ইতিহাসে প্রথম মন্ত্রী অজয় পোদ্দার, আবীর-ঢাক-ঢোলে উৎসবে মাতল বিজেপি

IMG

Ajay Poddar Becomes Kulti’s First-Ever Minister; BJP Celebrates with Colors, Drums and Festivities

পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা কেন্দ্রের ইতিহাসে প্রথমবার কোনও বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। কুলটির বিধায়ক তথা চিকিৎসক ডাঃ অজয় পোদ্দার রবিবার সকালে লোকভবনে রাজ্যের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা যায়।

কুলটি মণ্ডল-১ কার্যালয়ে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন বিজেপি নেতা-কর্মীরা। গেরুয়া আবীর খেলায় মেতে ওঠেন তাঁরা। ফাটানো হয় বাজি এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে নতুন মন্ত্রীর সাফল্য ও এলাকার সার্বিক উন্নয়নের কামনায় ছিন্নমস্তা মন্দিরে বিশেষ পুজোরও আয়োজন করা হয়।

বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, কুলটি থেকে প্রথমবার কোনও বিধায়ক মন্ত্রী হওয়ায় এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের পথ আরও সুগম হবে। শিল্পাঞ্চল ও খনি এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে নতুন গতি আসবে বলে তাঁদের আশা। ডাঃ অজয় পোদ্দারের নেতৃত্বে কুলটির উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলেও তাঁরা মনে করছেন।

শপথ গ্রহণের পর এদিন দুপুরে নবান্নে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের কথা রয়েছে। ফলে ডাঃ পোদ্দার কোন দপ্তরের দায়িত্ব পান, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, এর আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন। বর্তমানে তিনি পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। ডাঃ অজয় পোদ্দারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ফলে প্রথমবার পশ্চিম বর্ধমান জেলা থেকে একসঙ্গে দুই বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার নজির গড়ল, যা জেলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


Share: