দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণে জমি প্রয়োজন, কিন্তু বেআইনি দখলদারদের বাধায় সমস্যায় কর্তৃপক্ষ। মেনগেট এলাকায় কারখানার অধিগৃহীত ফাঁকা জমি দীর্ঘদিন ধরেই বেআইনি দখলদারদের দখলে ছিল, যেখানে গড়ে উঠেছিল বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা উচ্ছেদ অভিযানে নামলে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়তে হয়।
উড়ালপুলের নিচে ও তার আশপাশের বেআইনি দোকান ভাঙতে গেলে তৃণমূল নেতা গোলাম রসূলের সাথে কারখানা কর্তৃপক্ষের বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুর্গাপুর থানার পুলিশ ও কারখানার CISF বাহিনী। পরে, কারখানা কর্তৃপক্ষ তাদের নতুন পরিকল্পনার কথা জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বুলডোজার দিয়ে বেআইনি দোকান ভেঙে ফেলা হয়।
দীর্ঘ ৩০ বছর ধরে মিষ্টির দোকান চালানো সতীশ কেশরী জানান, তার দোকান ভেঙে দেওয়া হয়েছে, তবে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, পরবর্তী পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট এলাকায় দোকান ঘর তৈরির সুযোগ দেওয়া হবে।
দুর্গাপুর ইস্পাত কারখানার জমি পুনরুদ্ধারে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, যেসব জমি বেআইনি দখলদারদের কবলে রয়েছে, সেগুলো পুনরুদ্ধার করে কারখানার সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে। তবে বেআইনি দখলদারদের সরানো এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

