গত এক সপ্তাহ ধরে পানীয় জল না থাকায় আসানসোলের হটন রোডের রামধনী মোড়ে পথ অবরোধ করেন এলাকার মানুষজন। জানা যায়, আসানসোল পৌর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের বুধা এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে অবশেষে পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে দুপুর একটা থেকে পথ অবরোধ শুরু করেন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে। জিটি রোডের সংযোগকারী এই হটন রোড অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে কালী মন্দির, বুধা সামন্ত পাড়া, কোড়া পাড়া সহ আশেপাশের এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে।

