Saturday, 20 Jun 2026

রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর

IMG

বুধবার রাতভর বৃষ্টিতে দুর্গাপুরের শিল্পাঞ্চলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের মধ্য দিয়ে জল নদীর মতো বয়ে চলেছে। সেপকো টাউনশিপ, গভর্নমেন্ট কলেজ সংলগ্ন এলাকা, দুর্গাপুর এনআইটি’র সামনের রাস্তা, ৫৪ ফুট, সারদা পল্লী, শ্রীনগর পল্লী, আনন্দপুরী, মেন গেটের কিছু অংশ, এম এ এম সি এলাকার শরৎপল্লী, রবীন্দ্রপল্লীসহ বহু জায়গা জলের তলায়। এমনই শোচনীয় পরিস্থিতি যে, ৫৪ ফুট এলাকা থেকে চারচাকার গাড়ি ভেসে তপবন এলাকায় চলে যেতে দেখা গেছে। এনআইটির সামনের রাস্তায় বাইক ভেসে গেছে। গভর্নমেন্ট কলেজ সংলগ্ন বস্তি এলাকা সম্পূর্ণ জলের তলায় চলে গেছে, ফলে বস্তির বাসিন্দারা কলেজে আশ্রয় নিয়েছেন। সেপকো টাউনশিপের বাসিন্দাদের দাবি, এর আগে কখনও তাদের এলাকা এভাবে জলমগ্ন হয়নি।

শহরের এই দুরবস্থা নিয়ে শিল্পাঞ্চলের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শহরের নিকাশী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, অথচ কেউ কোনও উদ্যোগ নিচ্ছে না। বহুদিন ধরে পুরসভার নির্বাচন হয়নি, আর শাসক-বিরোধীদের চাপান-উতোরের মধ্যে শহরের সাধারণ মানুষই ভোগান্তির শিকার। বাসিন্দাদের একটাই প্রশ্ন, এই জলযন্ত্রণা থেকে মুক্তি কবে পাবেন তারা ?

Share: