Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের যুবক

IMG

দুর্গাপুরে ছিনতাই ঘটনার তদন্তে পুলিশ একের পর এক চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করছে। এই ঘটনায় রূপনারায়ণপুরের মহাবীর কলোনির বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায়কে ১১ই সেপ্টেম্বর গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ১২ই সেপ্টেম্বর তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে। জানা গেছে, ধৃত গৌতমের সঙ্গে অজয় দাসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঁচি থেকে এক ইটভাটার মালিক অঙ্কিত সিংকেও গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পেরেছে যে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা ছিনতাইয়ের অন্যতম মূল ষড়যন্ত্রকারী মধুসূদন বাগের অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা ব্যাংক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় মধুসূদনের "কল্যাণী ভান্ডার" নামে অ্যাকাউন্টে জমা পড়ে। পুলিশ মধুসূদনের নামে বিভিন্ন কোম্পানির মাধ্যমে পরিচালিত সাতটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। 

এদিকে, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানতে পেরেছে যে রূপনারায়ণপুর থেকে গাড়িটি নিয়ে চালক অজয় দাস ও সুরজ কুমার দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলাকে কলকাতা নিয়ে যাচ্ছিলেন। পথে দুর্গাপুরে গাড়ি থেকে টাকার বাক্স নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় দুর্গাপুর থানার এক এএসআই-এর সঙ্গে তাদের যোগসূত্র থাকার অভিযোগও উঠেছে। পুলিশ এখনও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

Share: