দুর্গাপুরের দামোদর নদে ডুবে মৃত্যু হল বিহারের সমস্তিপুরের এক যুবকের। এই ঘটনা জানাজানি হতেই কোকওভেন থানার আশীষ নগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম কমলেশ চৌধুরী (৩০), তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। জানা গেছে, কমলেশ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দুর্গাপুরের নবীন সেন পল্লী এলাকায় থাকতেন।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা কমলেশের দেহ দামোদরের জলে ভাসতে দেখেন। তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, ভোরবেলায় কমলেশ নিজেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

