Saturday, 20 Jun 2026

বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে মৃত্যু মহিলার

IMG

পশ্চিম মেদিনীপুরের সবং থানার চাউলকুড়ি অঞ্চলের সুন্দরপুর এলাকায় বাঁশের অস্থায়ী সাঁকো থেকে পড়ে কেলেঘাই নদীতে মৃত্যু হলো সাবিত্রী বর্মণ (৫৫) নামে এক মহিলার।  


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে তেলুলিয়া গ্রামের বাসিন্দা সাবিত্রী বর্মণ অস্থায়ী সাঁকো দিয়ে নদী পার হচ্ছিলেন। হাঁটার সময় হঠাৎ হোঁচট খেয়ে তিনি নদীতে পড়ে যান। সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  


খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।  


সবং থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর দাবি, অস্থায়ী সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। না হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

Share: