দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। মাঝ রাতে স্বামীকে হাঁসুয়া দিয়ে গলা কেটে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী। মৃত ব্যক্তির নাম চুনা কোঁড়া (৫০), পেশায় ডেকোরেটর কর্মী। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযুক্ত অম্বু কোঁড়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চুনা নেশা করতেন। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হত। শুক্রবার রাতেও তীব্র বিবাদের পর চুনা ঘুমিয়ে পড়েন। তখন অম্বু হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারেন, যা তার মৃত্যুর কারণ হয়। শনিবার সকালে অম্বু থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
এমন ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এবং এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল ঘটনাস্থলে যান। এসিপি বলেন, "স্বামী-স্ত্রীর বিবাদের কারণেই এই খুন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।" এই ঘটনায় পুরো রাজবাঁধ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

