Saturday, 20 Jun 2026

আবাস যোজনায় দুর্নীতি রুখতে হুঁশিয়ারি নরেনের

IMG

বাংলার বাড়ি আবাস যোজনায় দুর্নীতি রুখতে সতর্ক করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্য সরকার 'বাংলার বাড়ি' আবাস যোজনার মাধ্যমে উপভোক্তাদের টাকা প্রদান শুরু করেছে। দুর্নীতি রোধে প্রশাসন সতর্ক রয়েছে। এবার পঞ্চায়েত প্রধানদেরও একই বার্তা দিয়ে সতর্ক করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 


প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কেন্দ্র সরকারের বকেয়া টাকা বেশ কিছু বছর ধরে আটকে রয়েছে। তবে আর্থিক দুর্নীতির অভিযোগ মানতে রাজি নয় রাজ্য সরকার। বকেয়া টাকা আদায়ের জন্য তৃণমূল বেশ কয়েকবার দিল্লিতে দরবার করার পাশাপাশি আন্দোলনও করেছে। কিন্তু এখনও বিষয়টি অমীমাংসিত রয়েছে। কেন্দ্র কবে টাকা দেবে, সে অপেক্ষায় না থেকে রাজ্য সরকার 'বাংলা আবাস যোজনা' নামে নতুন প্রকল্প শুরু করেছে। মঙ্গলবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হতে শুরু করেছে। 


প্রকল্পে সঠিক উপভোক্তা যাতে সুবিধা পান, সেই দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। স্বজনপোষণ, কাটমানি ও দুর্নীতি রুখতে স্থানীয় প্রশাসনকে বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ১২টি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত থেকে তিনি পরিদর্শন শুরু করেন এবং পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতে শেষ করেন। 


প্রত্যেক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করে তিনি আবাস যোজনা প্রকল্পে কোনও দুর্নীতি না করার বিষয়ে সবাইকে সতর্ক করেন। তিনি স্পষ্ট জানান, যদি দুর্নীতির সঙ্গে কোনো সরকারি আধিকারিক জড়িত হন, তবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান বা সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে দলও কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া, গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যত উন্নয়নের রূপরেখা তৈরির জন্য 'পঞ্চায়েত চলো' অভিযান কর্মসূচি শুরু করেছে দল। প্রতিটি বিধানসভা এলাকায় দলীয় বিধায়কেরা পঞ্চায়েত এলাকা পরিদর্শন করবেন এবং কোথায় কী কাজ প্রয়োজন তার পরিকল্পনা তৈরি করবেন, জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Share: