বসতি এলাকায় ঘরবাড়ি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে শুক্রবার হরিপুর গ্রামের বাসিন্দারা ইসিএল-এর কেন্দা এরিয়া অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। বেলা ১১টা নাগাদ হরিপুর গ্রাম বাঁচাও কমিটির ব্যানারে প্রায় হাজার খানেক পুরুষ-মহিলা কেন্দা এরিয়া অফিসের গেটে জড়ো হন। প্রায় দু'ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ, শেষে অফিসের আধিকারিকদের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।
হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ এবং গ্রাম বাঁচাও কমিটির সম্পাদক কিশোর মণ্ডল জানান, হরিপুর এলাকা খনি অঞ্চলের ধস প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম। এখানে প্রায় দশ হাজার মানুষের বসবাস রয়েছে। এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়ারি, প্রাইমারি এবং মাধ্যমিক স্তরের বেশ কয়েকটি স্কুল রয়েছে। সাম্প্রতিককালে ধসের কারণে দুটি পুকুরে মাছসহ জল তলিয়ে গেছে এবং অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে বিশাল গর্ত তৈরি হয়েছে। ধসের কারণে অনেকের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সুরক্ষিত পরিবেশ এবং পুনর্বাসনের দাবি জানানো হলেও, ইসিএল কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। গোপীনাথ বাবু জানান, ধসের সমস্যার কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমেছে। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

