তৃণমূলের জয়জয়কার ছটি আসনেই। উত্তরের মাদারিহাট আসন, যা এতদিন গেরুয়া শিবিরের দখলে ছিল, সেই আসনটিও ছিনিয়ে নিল তৃণমূল। শুধু রাজ্যে নয়, পাশের রাজ্য ঝাড়খন্ডেও বড় ধাক্কা খেল বিজেপি। সেখানে বিজেপি বিরোধী জোটের কাছে হার মানতে হলো গেরুয়া শিবিরকে। ফলে বাংলার পাশাপাশি ঝাড়খন্ডেও বিজেপির এই পরাজয়ে উচ্ছ্বসিত তৃণমূল।
ছয়টি উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। দুর্গাপুর শিল্পাঞ্চলেও দেখা যায় সেই একই চিত্র। শহরের বিভিন্ন এলাকায় সবুজ আবিরের অকাল হোলিতে মাতেন তৃণমূল কর্মীরা।
বাঁকুড়ার তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, মাদারিহাট সহ ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছিল। রাজ্যে শাসক বিরোধী প্রবল আবহের মধ্যেও এই ছয়টি আসনে তৃণমূলের অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া বইছে ঘাসফুল শিবিরে।
এই সাফল্যের প্রেক্ষিতে তৃণমূলের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণকে অভিনন্দন জানান। পাশাপাশি তাদের আশীর্বাদও কামনা করেন তিনি।

