কুলটির এক নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম সুজয় দাস (৩৩)। তিনি আসানসোলের সালানপুর থানার অরবিন্দ পল্লীর বাসিন্দা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে তার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সুজয় অতিরিক্ত নেশার কারণে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই কারণেই তার পরিবারের সদস্যরা চলতি বছরের ১১ মার্চ তাকে কুলটির “ফ্রীডম ফাউন্ডেশন” নামে একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।
যদিও ওই কেন্দ্রে তার চিকিৎসা চলছিল, তবে শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে কুলটির শাঁকতোড়িয়ার ইসিএল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কুলটি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

