পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের আই টি আই মোড় থেকে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করে। ভ্যানে অবৈধভাবে লোহা পাচার করা হচ্ছিল। সঙ্গে পিকআপ ভ্যানের চালকসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক পদক্ষেপ বড় ভূমিকা রেখেছে। গত বৃহস্পতিবার নবান্নে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে তিনি অবৈধ কয়লা, বালি এবং লোহা পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর দাবি, এই সব বেআইনি কার্যকলাপে নিচুতলার পুলিশ কর্মীদের একাংশ জড়িত রয়েছে, যা সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দেন তিনি।
এরপর থেকেই সিআইডি, সিট, এবং অ্যান্টি করাপশন বিভাগ ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তৎপর হয়ে ওঠে। তারই ফলস্বরূপ, পাচারের সময় দুর্গাপুরে এই অবৈধ লোহা আটক করা হয়েছে।

