পরিবহন দফতরের তৎপরতায় ১৯ নম্বর জাতীয় সড়কে দফায় দফায় অভিযান চালানো হয়েছে। গত দু’দিনে ওভারলোডেড ট্রাক থেকে জরিমানা বাবদ প্রায় ৪ লক্ষ টাকা আদায় করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর থেকেই প্রশাসন ও পরিবহন দফতরের অভিযান তীব্র হয়েছে।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ রানিগঞ্জে ১৯ নম্বর জাতীয় সড়কে স্পঞ্জ আয়রন বোঝাই একটি ওভারলোডেড ট্রাক আটক করে পরিবহন দফতরের আধিকারিকরা। যন্ত্র দিয়ে পরিমাপের পর ট্রাকটিকে ৬৫,৫০০ টাকা জরিমানা করা হয়। এর আগে সোমবার রাতেও আসানসোলের কালিপাহাড়িতে স্ল্যাগ স্যান্ড বোঝাই একটি ওভারলোডেড ট্রাক আটকানো হয়, যার জন্য ৪৭,০০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত একাধিক ওভারলোডেড ট্রাক আটক করে পরিবহন দফতর। সব মিলিয়ে গত দু’দিনে এই অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে পরিবহন দফতরের সূত্রে জানা গেছে।

