Saturday, 20 Jun 2026

স্বাধীনতা দিবসের দিন পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

IMG

Tragic Bus Accident in East Burdwan on Independence Day Morning: 10 Dead, Over 40 Injured

স্বাধীনতা দিবসের সকালেই পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। মৃত ও আহতরা সকলেই বিহারের বাসিন্দা, গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে দুর্গাপুরগামী যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরই স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখনও দুর্ঘটনার সঠিক কারণ স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই বিপর্যয়। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। বিহার থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে তাঁরা ফেরার পথে প্রাণঘাতী দুর্ঘটনায় পড়েন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Share: