Tmc Government Brings Services to the Doorstep with ‘Amader Para, Amader Samadhan’ Initiative
২রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশেষ কর্মসূচি *“আমাদের পাড়া, আমাদের সমাধান”*। প্রশাসনের দাবি, এই ধরনের উদ্যোগ শুধু ভারতে নয়, পুরো পৃথিবীতেই প্রথমবার নেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই—পাড়ার মানুষ যেন ছোট-বড় সমস্যাগুলি নিয়ে সরাসরি সরকারি আধিকারিকদের সামনে কথা বলতে পারেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধান পান। এর জন্য মোট ১৬টি সাধারণ সমস্যাকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে।
১৩ই আগস্ট আসানসোলের রবীন্দ্রভবনে এই প্রকল্পের অধীনে শিবির বসে। উপস্থিত ছিলেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য এবং আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। ওইদিন ৫৩ নম্বর ওয়ার্ডের ৩৮ ও ৩৯ নম্বর বুথের বাসিন্দারা তাদের সমস্যাগুলি সরাসরি জানিয়েছেন, যা সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা হয়েছে।
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হওয়ায় এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট নাগরিকও এই অনুষ্ঠানে যোগ দেন এবং পৌর নিগমের পক্ষ থেকে তাদের যথাযোগ্য সম্মান জানানো হয়।
শিবির থেকে মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন—মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলেও এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে পাড়ার বিভিন্ন সমস্যার অভিযোগ শোনা হবে এবং সমাধানের চেষ্টা করা হবে।
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থেই এই প্রকল্পের সূচনা করেছেন। পাড়ার ছোট ছোট কাজের সমাধান পাড়ার মানুষদের সঙ্গেই আলোচনা করে করা হবে। সেই উদ্দেশ্যে প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

