দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে মঙ্গলবার থেকে শুরু হল তাঁতশিল্প মেলা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই হস্ত তাঁত প্রদর্শনীর উদ্বোধন করা হয় বিকেলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রমুখ।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হস্তশিল্পীরা তাঁদের তৈরি তাঁতের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ৬০টি স্টল করা হয়েছে, যেখানে তাঁতের নানা সামগ্রী প্রদর্শিত হবে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে এবং ১৭ ফেব্রুয়ারি মেলার সমাপ্তি হবে।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, "প্রচারের অভাব রয়েছে। মেলা রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে হলেও প্রচার না হলে মানুষ আসবে না। তাই প্রচারের ওপর বিশেষ জোর দেওয়া দরকার।" বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও এ বিষয়ে একমত হয়ে বলেন, "বেশি বেশি হোর্ডিং লাগাতে হবে এবং মেলা প্রাঙ্গণে আসার জন্য বাস পরিষেবার ব্যবস্থা করা দরকার।"

