রবিবার দুর্গাপুরে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হল একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, যা দুর্গাপুর নগর নিগমের তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং অন্ডাল, পান্ডবেশ্বর ও কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ ও বিশিষ্ট সমাজসেবী সুমিত বন্দোপাধ্যায়। ১৯২০ সালে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৭৪ সালের ১০ সেপ্টেম্বর দুর্গাপুরে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির একটি শাখা স্থাপিত হয়। সেই থেকেই দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে এই শাখা। সিটিসেন্টারে অবস্থিত এই শাখা সারা বছর ধরে গ্রামীণ স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এবং বিভিন্ন স্কুল, কলেজ ও কলকারখানায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রদান করেন।
মন্ত্রী প্রদীপ মজুমদার এবং জেলাশাসক পোন্নমবলম এস এদিন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার চেয়ারম্যান সৌরভ চট্টোপাধ্যায়ের প্রতিনিধি সুমিত বন্দোপাধ্যায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং প্রতিশ্রুতি দেন যে আগামীদিনেও এই সংগঠন সমাজের কল্যাণমূলক কাজে এগিয়ে আসবে।

