Saturday, 20 Jun 2026

দুর্গাপুরের লোক আদালতের নির্দেশে ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেল মৃতের পরিবার

IMG

মামলা জিতে ৯০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পেল হুগলির বলরামবাটির যুবক পার্থ দাসের পরিবার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পার্থ কাজ করতেন ঝাড়খণ্ডের সরাইখেলা জেলার রাংতা মাইনস চেলিয়ামা স্টিল প্ল্যান্টে। ২০২২ সালের ১৮ এপ্রিল জেসিবি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। পার্থের অকাল মৃত্যুর পর তার পরিবার, যেখানে অন্তঃসত্ত্বা স্ত্রী, নাবালক পুত্র, বাবা ও মা রয়েছেন, চরম আর্থিক সংকটে পড়ে যায়।

পরিবারটি ২০২২ সালের আগস্টে দুর্গাপুরের 'মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে' ক্ষতিপূরণের মামলা করে। শনিবার, দুর্গাপুর লোক আদালতে বিচারক প্রশান্ত চৌধুরীর বেঞ্চ রায় দেয় যে জেসিবি গাড়ির বীমা সংস্থা ৯০ লক্ষ টাকা এক মাসের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে। পরিবারের নামে চেক আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

পরিবারের আইনজীবী আয়ুব আনসারী জানান, পার্থের বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন, তাই তিনি নিয়মিত মামলায় উপস্থিত থাকতে পারেননি। আইনজীবী নিজেই মামলাটি পরিচালনা করেন। রায় ঘোষণার পরে তিনি বলেন, "পার্থের মৃত্যুতে পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যায়। এই ক্ষতিপূরণ পরিবারটির কিছুটা আর্থিক স্বস্তি ফিরিয়ে আনবে।

Share: