The driver died in a horrific road accident
আসানসোলের ডিভিসি মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চারচাকা গাড়ির চালকের। দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, গাড়িটি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় ডিভিসি মোড়ের কাছে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি গিয়ে সজোরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় চালকের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার প্রত্যক্ষদর্শী লালটু ধিবন জানান, “একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি গাড়ি এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। এরপর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"

