শিল্পাঞ্চলে মহা সমারোহে শুরু হল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। শনিবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই শাস্ত্রীয় সংগীত উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক এস পোন্নামবালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলাবাদক ও রাজ্য সংগীত একাডেমীর চেয়ারম্যান তন্ময় বোস, মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত দেবজ্যোতি বোস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দু’দিনব্যাপী এই সংগীত উৎসবের আয়োজন করেছে দুর্গাপুর তথ্য ও সংস্কৃতি দপ্তর। উৎসবের সূচনা হয় সরোদ শিল্পী অভিজিৎ লাহিড়ী ও তবলা বাদক উজ্জ্বল ভারতীর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মঞ্চ মাতিয়ে তোলেন স্বনামধন্য তবলাবাদক কুমার বোস ও তার সহশিল্পীরা।
সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই শাস্ত্রীয় সংগীত উৎসবকে ঘিরে সংস্কৃতিপ্রেমী মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

