Saturday, 20 Jun 2026

দুদিন পর উদ্ধার হল নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ

IMG

প্রসেনজিৎ বাদ্যকরের বাড়ি ফেরা আর হলো না! ১৮ই সেপ্টেম্বর বেলা দেড়টা নাগাদ তিনি তার চার বন্ধুর সাথে পার্শ্ববর্তী জেলা বীরভূমের ভবানীগঞ্জ গ্রামে ফুটবল খেলতে যান। অজয় নদী পার হওয়ার সময় দুই যুবক জলে তলিয়ে যায়, তাদের মধ্যে একজন স্থানীয়দের তৎপরতায় কোনোমতে বেঁচে ফিরতে সক্ষম হলেও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ৩৬গণ্ডা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর জলে নিখোঁজ হন। সেই দিন থেকেই প্রশাসন ও উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালিয়ে গেলেও, প্রসেনজিৎকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দুই দিন পর, পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা অঞ্চলের ছাতা ধাওড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে স্নান করতে গিয়ে দেখতে পান পাম্প হাউস ঘাটের সামনে একটি দেহ ভাসছে। তারা দ্রুত পাণ্ডবেশ্বর থানায় খবর দেন। খবর পেয়ে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মন্ডল ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, বিশ্বকর্মা পুজোর পরের দিন নদীতে তলিয়ে যাওয়া প্রসেনজিৎ বাদ্যকরের দেহ উদ্ধার হয়েছে।

প্রসেনজিতের দেহ উদ্ধারের খবর পাওয়ার পরপরই নদীর তীরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা, প্রসেনজিতের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরবর্তীতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Share: