শুক্রবার বিকেলে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন রাস্তায় সংস্কারের দাবিতে বিজেপি বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার কর্মীরা প্রায় আধঘণ্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে, যার ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "দুর্গাপুর স্টেশন এবং বাসস্ট্যান্ড থেকে রাজ্য সড়কে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বাস, টোটো, অটো উল্টে যাচ্ছে। বহুদিন ধরে রাস্তা সংস্কারের দাবি করা হলেও দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন হবে।"
এদিকে, জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "রাজ্য সরকার সবসময় রাজ্যের উন্নয়নের কথা ভাবে। এই রাস্তাও দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন। বিজেপি কোনও ইস্যু না পেয়ে মানুষকে ভোগান্তিতে ফেলতে রাস্তা অবরোধ করছে।"
এই বিক্ষোভের ফলে প্রায় আধঘণ্টা ধরে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরুদ্ধ থাকে।

