Terrible Bus Accident at Durgapur City Centre, 7 Injured
দুর্গাপুর সিটি সেন্টারে ভয়াবহ বাস দুর্ঘটনা। শুক্রবার সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ঘটে গেল এক ভয়াবহ বাস দুর্ঘটনা। রাণীগঞ্জ-দুর্গাপুর রুটের একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সিটি সেন্টারে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে অবস্থিত বাসস্ট্যান্ডে।
দুর্ঘটনায় বাসের চালক সুকুমার আঁকুড়িয়া সহ মোট সাত জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় যাত্রী প্রতীক্ষালয়ের কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে যায় এবং বাসটির সামনের কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যাত্রী সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মাত্র সাতজন যাত্রী ছিলেন। বাসটি দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে রওনা দিয়ে রাণীগঞ্জ যাচ্ছিল। বাসটি যখন সিটিসেন্টারের মহকুমা শাসকের ভবনের সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় চালক হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন এবং বাসের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।প্রচণ্ড গতির কারণে বাসটি প্রায় ৫০ মিটার পর্যন্ত বেসামাল অবস্থায় চলতে থাকে এবং শেষমেশ যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সৌভাগ্যবশত পথচারীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। চালক সুকুমার আঁকুড়িয়া জানান, "বাস চালানোর সময় হঠাৎ করেই শারীরিক অসুস্থতা অনুভব করি। তার পর আর বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারিনি।"এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

