Saturday, 20 Jun 2026

ভুল চিকিৎসার প্রসূতি মৃত্যুর অভিযোগে উত্তেজনা দুর্গাপুরের এক হাসপাতালে

IMG

ভুল চিকিৎসার কারণে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। জানা যায়, ২০শে সেপ্টেম্বর মসজিদ মহল্লার বছর আটাশের গৃহবধূ ইরশাদ জাহান সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন। ২১শে সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে জানায় যে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় এবং রক্ত দিতে হবে। এই খবর পেয়ে রোগীর পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন।

২৮শে সেপ্টেম্বর, শনিবার, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের জানায় যে ইরশাদ জাহান মারা গেছেন। এই সংবাদে রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং মসজিদ মহল্লার প্রতিবেশীরা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স এবং মহিলা পুলিশ মোতায়েন করা হয়। 

রোগীর আত্মীয়দের অভিযোগ, ইরশাদ জাহান এর আগে দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তখন কোনো সমস্যা হয়নি। তাদের দাবি, এবার অনভিজ্ঞ এক জুনিয়র চিকিৎসক অপারেশনের সময় ভুল করে রোগীর মূত্রনালী কেটে ফেলেন, যার ফলে তার মৃত্যু হয়। তারা বলেন, অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা অস্ত্রোপচার হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চিকিৎসায় গাফিলতির কথা স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। এতে রোগীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে। পুলিশ কর্মীরা রোগীর পরিবারের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের থানায় অভিযোগ দায়ের করতে বলেন। রোগীর পরিবার দাবি করে, অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিল করতে হবে এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

Share: