Saturday, 20 Jun 2026

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শিল্প সমাবেশ

IMG

দুর্গাপুরে শিল্প সমাবেশে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি।প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতিদের নিয়ে জাতীয় শিল্প সমাবেশ। এদিনের বিজনেস সিনার্জি ও বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানী এ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নমবলম, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত সহ বিভিন্ন প্রশাসনিক ও ব্যাংকিং আধিকারিক।  


মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, রাজ্য সরকার আয়োজিত "সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২৪"-এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উন্নতির পথে এগোচ্ছে রাজ্য। চলতি অর্থবর্ষে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৭,৩৭১ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। এর ফলে ৫৮টি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে। এদিনের সম্মেলনে ৪,৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, যা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।  


সভায় কবি দত্ত জানান, পুরনো শিল্প বাঁচানো এবং নতুন শিল্প স্থাপনের সুযোগ কাজে লাগাতে উদ্যোগপতিদের এগিয়ে আসা প্রয়োজন। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগ সফল করার আহ্বান জানান।  


এদিন শিল্পপতিদের হাতে ব্যাংক ঋণের চেক বিতরণ করা হয় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রয়োজনীয় সহায়তা প্রদানে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়। উদ্যোক্তারা জানান, প্রায় ৪,৬৫০ কোটি টাকার বিনিয়োগ থেকে ভবিষ্যতে ১০,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Share: