মঙ্গলবার আসানসোল পুরনিগমের রানিগঞ্জ থানার শিশুবাগান কোড়াপাড়ায় এক টোটো চালকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত টোটো চালকের নাম রাজকুমার দত্ত (৩৯)। পুলিশ জানায়, সোমবার রাতে কোনও এক সময় রাজকুমার তার বাড়িতে আত্মহত্যা করেন।
ঘটনা সূত্রে জানা গেছে, রাজকুমার পেশায় একজন টোটো চালক ছিলেন এবং তিনি ভাড়ায় অন্যের টোটো চালাতেন। প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়িতে ফেরেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে তিনি টোটো চালাতে না বের হলে টোটোর মালিক তার বাড়িতে আসেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশেপাশের লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন রাজকুমারের বাড়িতে ঢুকে তাকে ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা রানিগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রাজকুমারের আত্মীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি বাড়িতে ফিরেছিলেন, কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেননি।
ঘটনার খবর পেয়ে আসানসোল পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত ঘটনাস্থলে পৌঁছান এবং দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, যে কোনও কারণেই হোক না কেন, বর্তমান যুবসমাজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন। তিনি আরও জানান, তিনি যুবকের পরিবারের পাশে দাঁড়িয়ে সবধরনের সাহায্য করবেন।

