পানাগড় সেনা ছাউনিতে ঢুকে মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যাপিং করার অভিযোগে বুধবার এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী ওই যুবককে ধরে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম নীলেশ যাদব এবং তার বাড়ি বিহারের বাঁকায়।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এক বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর অজুহাতে সেনা ছাউনির মধ্যে প্রবেশ করে। সেনাবাহিনীর সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া গেছে। এগুলি ব্যবহার করে এলাকার ম্যাপিং করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ওই যুবক সেনা ছাউনির ভিতরে কী উদ্দেশ্যে প্রবেশ করেছিল এবং এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

