মিড ডে মিলের গুণগত মান যাচাই। বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট এলেন স্বয়ং মহকুমা শাসক। যে চাল থেকে ভাত হচ্ছে সেই চাল হাতে নিয়ে দেখলেন তিনি। একইভাবে রান্নার তেলের মেয়াদ দেখতে হেঁসেলে ঢুকে পরীক্ষা করে দেখলেন মহকুমা শাসক। আসানসোল পৌরনিগমের অন্তর্গত হীরাপুর মাণিকচাঁদ ঠাকুর গার্লস বিদ্যালয় (উঃ মাঃ)-এ মিড-ডে মিল পরিদর্শনে যান আসানসোল সদর মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি বিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে সবকিছু পরিদর্শন করেন এবং ছাত্রীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি, ছাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন। মহকুমা শাসককে কাছে পেয়ে বিদ্যালয়ের ছাত্রীরা এবং কর্তৃপক্ষ সকলেই অত্যন্ত আনন্দিত। প্রসঙ্গত, রাজ্যের নানা প্রান্তে মিড-ডে মিলের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ক্ষেত্রে মিড-ডে মিল খেয়ে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবরও সামনে এসেছে। তবে সাম্প্রতিককালে পশ্চিম বর্ধমান জেলায় এমন ঘটনা ঘটেনি। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

