নিদারুণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিকার ও প্রতিরোধে, তিলোত্তমার নির্মম হত্যার পরিপ্রেক্ষিতে ছাত্রীরা প্রতিবাদে মুখর হয়েছে। একজন মেধাবী মহিলা চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড কেউই মেনে নিতে পারছে না। কেন তাকে হত্যা করা হলো? এর পেছনে কী ষড়যন্ত্র লুকিয়ে আছে? কারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে? এই প্রশ্নগুলি ঘিরে উত্তাল সারা বাংলা, ভারতবর্ষ, এমনকি বিশ্বও। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের সব স্তরের মানুষই এই অত্যাচারীদের উপযুক্ত বিচার দাবি করছেন।
এই কারণেই, আজ বুধবার, কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রায় ১৪০০ জন ছাত্রী পথে নেমেছে। তারা প্রতিকার চায় এবং 'আমার দিদির হত্যাকারীদের শাস্তি চাই, বিচার চাই' এই স্লোগানে কাঁকসার রাস্তাঘাট মুখরিত করেছে। এই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল সহ অন্যান্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও এই মিছিলে অংশ নেন। সারা দেশ জুড়ে মানুষ সুবিচারের আশায় তাকিয়ে আছে।

