Saturday, 20 Jun 2026

টিডিবি কলেজে বহিরাগতদের দৌরাত্ম, আন্দোলনে ছাত্ররা

IMG

রানিগঞ্জের টিডিবি কলেজে কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে টাকা চাওয়া এবং নির্জনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে গত শনিবার ছাত্রীর বাবা-মা কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতে, রবিবার খনি অঞ্চলের রানিগঞ্জে ডিওয়াইএফআই ও এসএফআই-এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং রানিগঞ্জ থানা ঘেরাও করা হয়। 

তাদের অভিযোগ, টিডিবি কলেজের এই অপ্রীতিকর ঘটনার সাথে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কলেজের প্রাক্তন ছাত্র জড়িত। ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও দোষী এখনো গ্রেফতার হয়নি। তারা আরও দাবি করেন, ওই কলেজে দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে ভর্তি এবং নানা অসামাজিক কার্যকলাপ চলছে। কলেজ চত্বরে বহিরাগতদের অবাধ আনাগোনা রয়েছে এবং বর্তমান প্রশাসন এইসব কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। 

নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের প্রাক্তন ছাত্রছাত্রীরা ভয় দেখিয়ে টাকা দাবি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত রয়েছে বলে অভিযোগ করা হয়। এই সমস্ত কার্যকলাপ বন্ধ করতে হবে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, এই দাবিতে রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

অন্যদিকে, মঙ্গলবার টিডিবি কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে টিএমসিপি আন্দোলন করে, যার নেতৃত্বে ছিলেন বিকাশ বাউরি।

Share: