শুক্রবার জামুরিয়ার ধাসনা গ্রামের বাসিন্দারা পার্শ্ববর্তী কারখানার দূষিত ধোঁয়ার কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার অভিযোগে ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। ফলে ৩ নং গেটের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং কারখানার শ্রমিকদের যাতায়াতে ব্যাঘাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই কারখানা কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
বিক্ষোভের ব্যাপারে ধাসনা গ্রামের বাসিন্দা শিবনাথ মুখোপাধ্যায়, শিউলি পাঠক, রেখা বিশ্বকর্মা জানান, কারখানার দূষণে তারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন এবং প্রতিদিনকার ধোঁয়া, ধুলোর কারণে পুরো এলাকা বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। তারা বারবার কারখানা কর্তৃপক্ষকে সচেতন করার চেষ্টা করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দূষণ নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, নতুবা পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেন।
এদিকে, বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং গ্রামবাসীদের জানানো হয় যে, আগামী শনিবার উচ্চপর্যায়ের আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে কারখানা কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

