Saturday, 20 Jun 2026

বারাবনিতে রুট মার্চে কড়া বার্তা, ভোটারদের আশ্বস্ত প্রশাসন

IMG

Strong Message Through Route March in Barabani, Administration Reassures Voters

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বারাবনি এলাকায় প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে বুধবার বারাবনি থানার পানুড়িয়া অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন জেলাশাসক ও পুলিশ কমিশনার।

বুধবার বিকেলে পানুড়িয়ার ১৬৪ নম্বর বুথ ও সংলগ্ন এলাকায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ প্রণব কুমার (IPS), পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস. (IAS), ডিপিসি সানা আখতারসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী।

রুট মার্চ চলাকালীন আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন, যাতে তাঁরা কোনো ভয় বা চাপ ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। জেলাশাসক পোন্নাবলম এস. জানান, “আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করছি, যাতে তাঁরা নিশ্চিন্তে থাকেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের ভয় দেখানো বা অশান্তির চেষ্টা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এই রুট মার্চের মাধ্যমে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসন। পাশাপাশি, আধিকারিকদের সরাসরি উপস্থিতি ও জনসংযোগে স্থানীয়দের আত্মবিশ্বাসও বেড়েছে বলে মত এলাকাবাসীর।


Share: