Sonam Wangchuk of 'Three Idiots' fame at the silver jubilee celebration of a private engineering college in Durgapur.
"ভূমিকম্প মানুষকে মারে না, মারে দুর্বল ভবন" — দুর্গাপুরে বললেন সোনম ওয়াংচুক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন লাদাখের প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি বলেন, “ভূমিকম্প কোনও পরিবেশগত কারণ নয়, এটি প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিপদ ভূমিকম্প নয়, বিপদ হলো দুর্বল ও ভুল নকশায় নির্মিত ভবন।”
তিনি আরও বলেন, “হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ — আগে ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই এখন থেকেই আমাদের প্রস্তুত থাকতে হবে। নিরাপদ নির্মাণই পারে অসংখ্য প্রাণ বাঁচাতে।” ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ভূমিকম্প-সহনশীল কাঠামো তৈরির দক্ষতা অর্জন করা সময়ের দাবি। উন্নয়নের পথে হাঁটার সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখে দায়িত্বশীল পরিকল্পনার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, 'থ্রি ইডিয়েটস' সিনেমার ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি এই সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহাও। তিনি কলেজের ২৫ বছরের সাফল্যের জন্য কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে।

