Saturday, 20 Jun 2026

স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম দুর্গাপুর

IMG

Shri Shri Ram Thakur Ashram, Durgapur organizes a voluntary blood donation camp

দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে আজ শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে এক স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট ৫৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে, যা দুর্গাপুর মহকুমা হাসপাতালে তুলে দেওয়া হয়েছে। আয়োজকদের মতে, সংগৃহীত এই রক্ত ভবিষ্যতে জরুরি চিকিৎসার ক্ষেত্রে বহু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআই (এ) রণবীর বাগ-সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রক্তদান শিবিরের সভাপতি তমাল ভট্টাচার্য জানান, “শ্রী শ্রী রাম ঠাকুরের ভক্তবৃন্দ কেবল ভক্তি ও ভাবাবেগের মধ্যেই সীমাবদ্ধ নন, তাঁরা সামাজিক দায়বদ্ধতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। সেই ভাবনা থেকেই আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।”

রক্তদান শিবিরের পাশাপাশি এদিন দুর্গাপুর শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রমের পক্ষ থেকে শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তিকে একটি ট্রাইসাইকেল প্রদান করা হয়। এর ফলে তিনি স্বনির্ভরভাবে চলাফেরা করতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা।

Share: