Saturday, 20 Jun 2026

সাইবার ক্রাইম ও ক্রিপ্টোগ্রাফি নিয়ে আইএসআই–জেইউআই-এর সেমিনার কলকাতায়

IMG

Seminar on Cyber Crime and Cryptography by ISI–JUI in Kolkata

বর্তমান সমাজ দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ডিজিটালাইজেশন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) — এই সমস্ত আধুনিক প্রযুক্তির প্রভাব আজ আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট। একদিকে যেমন এই প্রযুক্তি জীবনকে সহজ করছে, তেমনই অন্যদিকে এর অপব্যবহার থেকে জন্ম নিচ্ছে নানা ধরনের সাইবার অপরাধ ও নিরাপত্তাজনিত সমস্যা।

এই প্রযুক্তির অন্ধকার দিক সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতেই গত ৯ জানুয়ারি ২০২৬, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট (ISI) ও জার্নালিস্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (JUI)-এর যৌথ উদ্যোগে কলকাতার বরাহনগরস্থ আইএসআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একদিনের বিশেষ সেমিনার। সেমিনারের বিষয় ছিল “ডিজিটাল মাধ্যমে সাইবার সিকিউরিটি ও ক্রিপ্টোগ্রাফি (Cyber Security and Cryptography in Media Space)”। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা তুলে ধরেন যে, সাইবার নিরাপত্তা আজ সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিউজ পোর্টালের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য। পাশাপাশি ক্রিপ্টোগ্রাফি কীভাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মে দু’জন ব্যক্তির কথোপকথনকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন যথাক্রমে অধ্যাপক ডঃ গৌতম কুমার পাল এবং অধ্যাপক ডঃ সয়ম বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন অধ্যাপক মৃগাঙ্ক মণ্ডল।

প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইএসআই-এর আধিকারিকরা, যা সেমিনারের সাফল্যকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত জেইউআই-এর জাতীয় সম্পাদক অচিন চক্রবর্তী আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাংবাদিক সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।


Share: