Saturday, 20 Jun 2026

জলবায়ু ধর্মঘট সফল করার আহ্বান বিজ্ঞান মঞ্চের

IMG

১৯.৯.২০২৪ঃ- "পরিবেশ ও বিজ্ঞান মনস্কতা" বিষয়ে গতকাল দ্বিতীয়ার্ধে গলসী সারদা বিদ্যাপীঠে একটি আলোচনা সভা হ'ল। হল ছিল কানায় কানায় পূর্ণ। বক্তা রাম প্রনয় গাঙ্গুলী গল্পের ছলে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে গত ১৩-১৬ সেপ্টেম্বর প্রাকৃতিক দুর্যোগের কারণ কি,তার কুফল হিসেবে প্রতিটি পরিবারে তার অর্থনৈতিক প্রভাব,বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণ, ফ্রাইডে ফর ফিউচারের নেত্রী গ্রেটা থুর্নবার্গের নেতৃত্বে আগামী ২৭শে সেপ্টেম্বর বিশ্ব জুড়ে জলবায়ু ধর্মঘট সফল করার সঙ্গে আমাদের জীবনের ভবিষ্যতের(আমাদের ভূমি,আমাদের ভবিষ্যৎ,এ'বারের বিশ্ব পরিবেশ দিবসের শ্লোগান) সম্পর্ক,আমাদের জীবনে নদীর ভূমিকা,কাছের নদী বাঁকা ও খড়ি এবং দামোদর'কে বাঁচাতে আগামী ২২শে সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালন কেন জরুরি,কেন জরুরি জলাভূমি বাঁচানো,বৃষ্টির জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জলের তল অবনমন রোধ করা। তাই তাদের জলবায়ু ধর্মঘটে অংশগ্রহণ করতে অনুরোধ জানান।


সেপ্টেম্বরের ৫ তারিখ শিক্ষক দিবস ও ২৬শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপনের সঙ্গে সবার দেশ আমাদের পরাধীন দেশে শিক্ষা বিস্তার,বিশেষতঃ নারী শিক্ষার সম্পর্কের পাশাপাশি ২০১৭ সালের শিক্ষক দিবসে লঙ্কেশ পত্রিকার সম্পাদক গৌরী লঙ্কেশকে হত্যার কারণও উঠে এসেছে। তার আগে নরেন্দ্র দাভোলকর,গোবিন্দ পানসারে ও উপাচার্য অধ্যাপক এম এম কালবুর্গীকে হত্যার উদ্দেশ্য একই সূত্রে বাঁধা । কারণ তারা যুক্তির বিরুদ্ধে,বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির‌ বিরুদ্ধে, কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে সমাজকে মুক্ত করার বিরুদ্ধে এবং সর্বোপরি সংবিধানের ৫১এ (এইচ)ধারার বিরুদ্ধে। তাই "নানা ভাষা, নানা মত, নানা পরিধান,বিবিধের মাঝে দেখ মিলন মহান" সম্পর্কে ভয়ঙ্কর অসহনশীল। তাই ঐতিহাসিক ভাবে যা সত্য,"শক হূন দল পাঠান মোগল এক দেহে হলো লীন"কে তারা সংগঠিতভাবে অস্বীকার করতে চায়।

আগেকার ইকো ক্লাব এখন নেই। তার পরিবর্তে বিজ্ঞান সভা গঠনের প্রস্তাব দেয়া হয়। যাতে সামাজিক স্বার্থে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কাজ ধারাবাহিক ভাবে চলতে থাকে। পাশাপাশি বাংলায় ১ম  বিজ্ঞানের বই রচয়িতা অক্ষয় কুমার দত্তের অবদানকে সামনে রেখে বিজ্ঞান সংস্কৃতি তথা বিজ্ঞান মনস্কতা গঠনের কাজও চলবে।

সভার নির্ধারিত সময়ের পরেও অনেক ছাত্রী প্রশ্নোত্তরে অংশ নেয়,বিজ্ঞান মঞ্চের পত্রিকার গ্রাহক হতে চায় ও দাভোলকর সম্পর্কিত বই কিনতে চায়। বিজ্ঞান মনস্কতার চার শহীদদের সঙ্গে আর-জি-কর কন্যার স্মরণে শ্রদ্ধা নিবেদন করে নীরবতা পালনের মাধ্যমে সভার কাজ শেষ হয়।

Share: