Saturday, 20 Jun 2026

মজুরি বৈষম্যের প্রতিবাদে দুর্গাপুরে সাফাই কর্মীদের আন্দোলন

IMG

Sanitation workers protest in Durgapur against wage discrimination

একই জেলার মধ্যে দুই পুরনিগমে সাফাই কর্মীদের মজুরিতে পার্থক্যের অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তাঁদের দাবি, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর পুরনিগমে একই ধরনের কাজ করলেও পারিশ্রমিকে বড় ফারাক রয়েছে।

শ্রমিক সংগঠনের বক্তব্য অনুযায়ী, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাফাই কর্মীরা দৈনিক প্রায় ৪০০ টাকা মজুরি পান। কিন্তু দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে একই কাজের জন্য দেওয়া হয় মাত্র ২০২ টাকা। একই জেলার মধ্যে এমন বৈষম্য অন্যায় বলে দাবি করেন কর্মীরা।

এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের ডাকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গান্ধীমোড়ের কাছে সার্কাস ময়দান থেকে একটি মিছিল শুরু করে শ্রমিকরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে এসে প্রতিবাদ জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় এবং আইএনটিইউসি-র জেলা সভাপতি সুভাষ সাহা সহ অন্যান্য নেতারা। পরে দুর্গাপুর পুরনিগম কর্তৃপক্ষের কাছে সাফাই কর্মীদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, দ্রুত এই মজুরি বৈষম্যের সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার পরিকল্পনা করা হবে।

Share: