মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে "মৃত্যু কুম্ভ" বলার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে দুর্গাপুরের গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করেছে হিন্দু সনাতনী সেনার দুর্গাপুর শাখার নেতাকর্মীরা। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অবরোধের সময় তুমুল বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পথ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, এবং ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশের তৎপরতায় প্রায় ৪০ মিনিট পর অবরোধ উঠে যায়।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। তিনি অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চান, না হলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে।" তিনি আরও বলেন, রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভায় সরস্বতী পূজার সময় রাজ্যে ঘটে যাওয়া কিছু অনভিপ্রেত ঘটনার প্রসঙ্গ তুলেছিলেন, যার প্রতিবাদে তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। সেই ঘটনার প্রতিবাদে হিন্দু সনাতনী সেনাদের আওয়াজ শোনা যায়।
দীর্ঘ প্রায় ৪০ মিনিটের অবরোধের পর পুলিশের সাথে হিন্দু সনাতনী সেনাদের বচসা বাঁধে, এবং পরে অবরোধ তুলে নিতে দেখা যায়। তবে হিন্দু সনাতনী সেনারা সতর্ক করে দিয়েছে, যদি মুখ্যমন্ত্রী "মৃত্যু কুম্ভ" বলার জন্য ক্ষমা না চান, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। শাসক দলের তরফে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার সময় রাস্তায় অবরোধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

