Saturday, 20 Jun 2026

পরপর দুটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

IMG

শিল্পাঞ্চল দুর্গাপুরে চুরির ঘটনা ক্রমাগত ঘটছে, যা নিয়ে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রবিবার রাতে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ির অধীন মায়াবাজার এলাকায় পরপর দুটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটে।


মায়াবাজার রোড অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। সেই এলাকায় অভিজিৎ সাউ নামে এক দোকানের মালিক সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান, দোকানের এসবেসটস কেটে ভেতরে ঢুকে চোরেরা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তাণ্ডব চালিয়েছে। প্রায় ২০-২২ হাজার টাকা নগদ চুরি হয়েছে বলে জানান অভিজিৎ বাবু।


কয়েক হাত দূরে সুমিত কুমার বার্ণওয়ালের আরেকটি মুদির দোকান রয়েছে। সেই দোকানের সাটারের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে এবং প্রায় ২৬ হাজার টাকা নগদ নিয়ে যায় বলে জানান দোকানের মালিক।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্তের আশ্বাস দেয়। তবে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, মায়াবাজার এলাকা খুবই গুরুত্বপূর্ণ, রাতে পুলিশের টহল থাকে, তিনজন নিরাপত্তারক্ষীও রয়েছে, সিসিটিভি ক্যামেরা আছে, তবুও এমন ঘটনা কীভাবে ঘটল? স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেছেন যে সিসিটিভি ক্যামেরাগুলি আদৌ কার্যকর কিনা।

Share: