"The minister mocked the temporary left camp set up near the 'Amader Para Amader Samadhan' program."
'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে কুলডিহা গ্রামে মন্ত্রী শশী পাঁজা, উঠল বিভিন্ন সমস্যার অভিযোগ। বৃহস্পতিবার কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহা গ্রামে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক এস. পোন্নমবলম, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্ণা দে ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। এই কর্মসূচিতে এসে মন্ত্রী শুনলেন এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা। কোথাও ভালো রাস্তার অভাব, কোথাও আবার পানীয় জলের ব্যবস্থা নেই— এমন বহু অভাব-অভিযোগ সামনে আসে।
কুলডিহার শিবিরের কাছেই এদিন একটি অস্থায়ী শিবির তৈরি করেছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব। সেখানে দলীয় কর্মীরা এলাকার মানুষের কাছ থেকে দরখাস্ত লিখে নিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদনপত্র তৈরি করে দিচ্ছিলেন। তাঁদের দাবি, এলাকার মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ। এই বিষয়ে কটাক্ষ করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “৩৪ বছর ক্ষমতায় থাকার সময়ে তো কোনও সাহায্য করতে দেখা যায়নি! এখন আবার হঠাৎ সাহায্যের প্রয়োজন কী?”এরপর কুলডিহা থেকে তিনি যান দুর্গাপুরের সগড়ভাঙা অঞ্চলের একটি শিবিরে। সেখানকার অধিকাংশ বাসিন্দা থাকেন সরকারি হাউজিংয়ে এবং হাউজিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানান মন্ত্রীকে। সেখান থেকে তিনি রওনা দেন আসানসোলের উদ্দেশে।

