Protest in Asansol over non-delivery of cooking gas, GT Road blocked
আসানসোলে রান্নার গ্যাসের ডেলিভারি না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ উপভোক্তারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন। উপভোক্তাদের দাবি, কারও এক মাস আগে, আবার কারও এক সপ্তাহ আগে গ্যাস বুক করা হলেও এখনও পর্যন্ত তারা গ্যাস পাননি। অনেকেই জানান, মোবাইলে গ্যাস ডেলিভারির ওটিপি এবং ভর্তুকি পাওয়ার মেসেজ এলেও বাস্তবে গ্যাস হাতে পৌঁছায়নি। এই সমস্যার সমাধান চেয়ে গ্যাস অফিসে গিয়েও কোনো সদুত্তর না পেয়ে এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েও ফল না মেলায়, ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। এরপরই তারা আসানসোলের ব্যস্ততম জিটি রোডে গ্যাস সিলিন্ডার সারি দিয়ে রেখে পথ অবরোধ শুরু করেন। হঠাৎ করে এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং আসানসোল থেকে বরাকরগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। উপভোক্তারা সেখানে তুমুল বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার অবরোধের পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

