বেহাল সার্ভিস রোড দ্রুত সংস্কার করতে হবে—এই দাবিতে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার অন্ডাল মোড় সংলগ্ন গুরুদুয়ারা মোড়ে মাছের চারা ছেড়ে বিক্ষোভ দেখালো।
সার্ভিস রোড খানাখন্দে ভরা থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিক্ষোভ চলাকালীন অবরোধ হয় সকাল ১১:৪৫ টা থেকে প্রায় সাড়ে ১২ টা পর্যন্ত। তৃণমূল নেতা এবং অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে, প্রাক্তন প্রধান রাজু রায়সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।
তারা সার্ভিস রোডে মাছের চারা ছেড়ে সংস্কারের দাবি জানান। সুধীন পান্ডে ও রাজু রায় বলেন, "দীর্ঘদিন ধরে সার্ভিস রোড বেহাল অবস্থায় রয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার সংস্কারের জন্য আবেদন জানানো সত্ত্বেও কিছুই হয়নি। দুর্গা পুজোর আগেই সংস্কার করতে হবে।"
প্রায় ৪৫ মিনিটের অবরোধের ফলে সার্ভিস রোডে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়।

