Protest by Trinamool Congress against the atrocities on Bengalis in other states
বাংলা ভাষা ও বাঙালির উপর আক্রমণের প্রতিবাদে রামপুরহাটে তৃণমূলের বৃষ্টিভেজা মিছিল, নেতৃত্বে জেলা নেতৃত্ব। দেশের একাধিক বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি অব্যাহত আক্রমণ এবং হেনস্থার ঘটনার প্রতিবাদে উত্তাল বীরভূমের রামপুরহাট। এই বাংলা-বিদ্বেষী মনোভাব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ বৃষ্টিভেজা প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এই মিছিল। বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা ভিজে গিয়েই শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় পরিক্রমা করেন। মিছিলটি শেষ হয় শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর সঙ্গে ছিলেন কোর কমিটির চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা মহিলা সভানেত্রী সাহারা মণ্ডল-সহ বহু তৃণমূল নেতা ও কর্মী। মিছিল শেষে দলীয় নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “বাংলা ও বাঙালির আত্মমর্যাদা রক্ষার লড়াই থেকে এক চুলও সরবে না তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা আমাদের অহংকার—যা মুছে ফেলা সম্ভব নয়।”আজকের এই বৃষ্টিভেজা মিছিল ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা ভাষা ও বাঙালির প্রতি এক দৃঢ় দায়বদ্ধতার প্রকাশ।

