Prime Minister Narendra Modi is coming to Durgapur; marathon campaigning across four districts on Sunday.
অমৃতা দাশ, দুর্গাপুর : ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকে সামনে রেখে রাজ্যে নির্বাচনী প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে। এই আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, শনিবার তিনি অণ্ডাল বিমানবন্দরে পৌঁছে সড়কপথে দুর্গাপুর সিটি সেন্টারে যাবেন, যেখানে তাঁর রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। রবিবার সকাল থেকেই শুরু হবে তাঁর টানা প্রচার কর্মসূচি। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে প্রথমে তিনি বাঁকুড়ার বড়জোড়ায় গিয়ে জনসভায় ভাষণ দেবেন। এরপর তাঁর গন্তব্য পুরুলিয়ার বলরামপুর, সেখানেও একটি সভা করবেন।
পরবর্তী পর্যায়ে ঝাড়গ্রামে গিয়ে আরও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দিনের শেষে মেদিনীপুরেও তাঁর সভা করার কথা রয়েছে। অর্থাৎ একদিনে চারটি জেলায় টানা প্রচার চালাবেন তিনি। এছাড়াও জানা গেছে, ভোটের দিন ২৩ এপ্রিল তিনি বেলুড় মঠে দর্শনে যেতে পারেন। তারপর হাওড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি রোড শো করার সম্ভাবনাও রয়েছে। এই রোড শো বেলুড় মঠ থেকে শুরু হয়ে বেলুড় বাজার, ডন বসকো, জয়সওয়াল হাসপাতাল, কৃষ্ণ ভবন ও বাবুডাঙ্গা হয়ে শালকিয়া চৌরাস্তা পর্যন্ত যাবে।
সব মিলিয়ে, ভোটের আগে শেষ লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দলই জোরকদমে প্রচারে নেমেছে। তবে প্রধানমন্ত্রীর এই ঘনঘন সফর ও ম্যারাথন জনসভা রাজ্যের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

