পলিথিনের চালানে আলু পাচারের অভিযোগে রুনাকুড়া ঘাটে একটি আলু বোঝাই ট্রাক আটক করল বারাবনি থানার পুলিশ। শুক্রবার রাতে রুনাকুড়া ঘাট চেকপোস্টে ১২ চাকার একটি আলু বোঝাই ট্রাক থামানো হয়। দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা চালকের কাছে চালান দেখতে চান।
জিজ্ঞাসাবাদে চালক জানান, ট্রাকে আলু বোঝাই রয়েছে। তবে, পুলিশ যে চালান দেখতে পায়, তাতে আলুর বদলে পলিথিনের উল্লেখ ছিল। এরপরই পুলিশ ট্রাকটি আটক করে এবং চালক ও খালাসিকে গ্রেপ্তার করে। শনিবার তাদের আসানসোল আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিনরাজ্যে আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর প্রেক্ষিতে বিভিন্ন সীমান্ত চেকপোস্ট, যেমন রুনাকুড়া ঘাট ও ডুবরডি চেকপোস্টে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে বারাবনি থানার পুলিশ পলিথিনের চালান দেখিয়ে আলু পাচারের চক্রান্ত নস্যাৎ করল।

