বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ প্রয়াত হলেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা চলছিল। লোকসভা নির্বাচনের সময় তিনি হুইল চেয়ারে বসে একাধিকবার স্বামীর প্রচারে অংশ নিয়েছিলেন। সম্প্রতি রথযাত্রার দিনও তিনি ইসকনে গিয়েছিলেন। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন। দুর্গাপুরের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুনম আজাদ বিভিন্ন জায়গায় সাংসদের সঙ্গে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন, এবং দুর্গাপুরবাসী তাঁকে আপন করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে দুর্গাপুরের মানুষ শোক প্রকাশ করেছেন। এদিন বিকালে দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

