Saturday, 20 Jun 2026

বিপদ বুঝলেই মহিলাদের ১০০ ডায়াল করার নির্দেশ পুলিশের

IMG

আর জি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর যখন সারা রাজ্য উত্তাল, তখন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়েছে। সাধারণ মহিলাদের বিপদ দেখলেই ১০০ নম্বরে ডায়াল করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্য ও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার পর, আরেকটি আর জি কর যাতে না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্য পুলিশ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে।


বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায় এবং দুর্গাপুর থানার ও দুর্গাপুর মহিলা থানার পুলিশ কর্মকর্তারা দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মল, স্মার্ট বাজার ও বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। একটি পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ ও মহিলাদের সচেতন করার উদ্দেশ্যে প্রচার চালানো হয়। 


অন্যদিকে, অন্ডাল থানা এলাকায় ব্লক স্বাস্থ্য কেন্দ্র, খান্দরা কলেজ ও উখড়া আদর্শ হিন্দি হাইস্কুলে সচেতনতামূলক প্রচার চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এসিপি (অন্ডাল) পিন্টু সাহা, অন্ডাল পুলিশ আউটপোস্টের আইসি মইদুল হক এবং মহিলা আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের নিজেদের নিরাপদ রাখার উপায় এবং বিপদের আশঙ্কা তৈরি হলে ১০০ নম্বরে বা স্থানীয় থানায় ফোন করার পরামর্শ দেন।


ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, তাদের দুটি মহিলা পুলিশের টিম রয়েছে যারা মহিলাদের সঙ্গে কথা বলে এবং তাদের সমস্যাগুলো শোনে। এছাড়া, পুলিশ কর্মীরা স্কুলের ছাত্রছাত্রীদের ১০০ নম্বরে ডায়াল করার পরামর্শ দেন যদি কোনো বিপদে পড়ে। আর জি কর ঘটনার পরেই এই তৎপরতা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ডিসিপি জানান, এটি পুলিশের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচিরই একটি অংশ। নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব, কিন্তু বিপদে পড়লে কীভাবে নিরাপত্তা পাওয়া যায়, তা সবাই জানেন না। তাই এই কর্মসূচির মাধ্যমে তা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Share: